সিলেটে ডাকাতি করে পালানোর চেষ্টাকালে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের গুলিতে ৫ গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন।
তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পরে পুলিশ এক রাউন্ড কার্তুজসহ ডাকাতদের ফেলে যাওয়া একটি পাইপ গান ও লুন্ঠিত কিছু মালামাল উদ্ধার করেছে।
ডাকাতদের গুলিতে আহত হন- পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২২), মানোয়ার হোসেন (২৪), আতিব আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), বকু মিয়ার ছেলে আরমান আহমদ (৩০) ও মনন আহমদের ছেলে দুলাল আহমদ (২৭)। তাদের অবস্থা গুরুতর বলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, নিহত ডাকাতের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর একটি পাইপগান, কার্তুজ এবং কিছু মালামাল জব্দ করা হয়েছে।
এমবি





