নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন। বাংলাদেশে ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং এভিনিউ’র বাংলাবাজার এলাকায় বাংলাদেশী কমিউনিটি অব বঙ্কস আয়োজন করে এই মানববন্ধন কর্মসূচির।
নিরব রেষ্টুরেন্টের সামনে অনুষ্ঠিত কর্মসুচিতে প্লাকার্ড হাতে জড়ো হন দল-মত-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী। তারা বর্বরোচিত এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। মানববন্ধন থেকে ’জঙ্গীমুক্ত বাংলাদেশ চাই’ সহ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়।
এই সময় গুলশান ও শোলাকিয়া ঈদগাহে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া মুনাজাতের মাধ্যমে তদের আত্মার শান্তি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
মানববন্ধন কর্মসুচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল, ব্যান্ডস’র সভাপতি ও বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র সাবেক সভাপতি আব্দুস শহিদ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনসহ আরও অনেকে
অনুষ্ঠানে বক্তারা ইসলাম শান্তির ধর্ম আখ্যা দিয়ে বলেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের এসব মানবতাবিরোধী কর্মকান্ড ইসলাম সমর্থন করে না। বাংলার মানুষ সমর্থন করে না। এই সন্ত্রাসী হামলাকারীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ইসলাম বিকৃত করছে। এটা মুসলমান ও ইসলামের বিরুদ্ধে গভীর ষঢ়যন্ত্র। তারা বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন এবিষয়েও সংশ্লিষ্টদের ভাবতে হবে, অন্যথায় এই ষড়যন্ত্র আরও বেড়ে যাবে। সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূলে প্রবাসীদেরও এগিয়ে আসার আহবান জানান হয়।





