মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনে বন্ধ হওয়া আরও ৩৬টি ট্রেন আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে চলবে। এর মধ্যে ১২টি আন্তঃনগর এবং বাকিগুলো মেইল ও কমিউটার ট্রেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঈদের জন্য মাঝে ৮দিন বাদে ২২ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল। প্রতিদিন সারাদেশে ১০২টি আন্তঃনগর এবং ২৬০টি মেইল, লোকাল ও কমিউউটার ট্রেন চলে। ১১ আগস্ট ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার চালু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন শিথিল হওয়ার পর গত ১১ আগস্ট থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। সেই সঙ্গে যুক্ত হবে ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাদাহাত আলী জানিয়েছেন, করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পর্যায়ক্রম সব ট্রেন চলবে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে যেসব আন্তঃনগর ট্রেন চলবে সেগুলো হলো- ঢাকা-চট্টগ্রাম রুটের 'মহানগর' ও 'চট্টলা', ঢাকা-কিশোরগঞ্জ রুটের 'এগারো সিন্ধুর', ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের 'ব্রহ্মপুত্র', ঢাকা-সিলেট রুটের 'কালনী', ঢাকা-জামালাপুর রুটের 'জামালপুর এক্সপ্রেস', সান্তাহার-বুড়িমারী রুটের 'করতোয়া', খুলনা-রাজশাহী রুটের 'কপোতাক্ষ', ঢাকা-রাজশাহী রুটের 'সিল্কসিটি' ও 'ধূমকেতু' এবং সান্তারহার-দিনাজপুর রুটের 'দোলনচাঁপা'।
এমবি





