কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন আরোহীও।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর এলাকার মৌলভীরকুম স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য ও নয়াপাড়া এলাকার রহমত আলীর ছেলে গিয়াস উদ্দিন (৩৬) ও মহেশখালী উপজেলার মো. ওয়াহিদ আলী (৫০)।

এ ছাড়া আহত হন নিহত গিয়াসের বাবা রহমত আলী। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চকরিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) প্রভাষ চন্দ্র জানান, চট্টগ্রাম হতে কক্সবাজার শহরমুখী হানিফ পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬০১৪) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

এতে চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে ওয়াহিদ আলী মারা যান। বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

কেএইচ