লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসি লেবাননের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আজ সোমবার লেবাননের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, এনডিসি, পিএসসি ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম, (এনডি), এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন নৌপ্রধানকে বিদায় জানান।
সফরকালীন সময়ে নৌপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল লেবাননে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ পরিদর্শন করবেন।
এসময় তিনি জাহাজ দুইটিতে কর্মরত নৌসদস্যদের উদ্দেশ্যে ইউনিফিলে মেরিটাইম টাস্কফোর্সের কার্যক্রম সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখবেন। এছাড়া নৌপ্রধান ইউনিফিল সদর দপ্তরে মেরিটাইম টাস্ক ফোর্সের কমান্ডার এবং মিশন প্রধান ও ফোর্স কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পরে তিনি লেবাননের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফ (নৌ) এবং বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের অংশ হিসেবে তিনি বানৌজা ‘আলী হায়দার’ জাহাজে অনুষ্ঠিতব্য ‘মেডেল প্যারেড’ অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য, লেবানন সফরে নৌবাহিনী প্রধান সস্ত্রীক এবং তার সফরসঙ্গী হিসেবে তিনজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২৯ এপ্রিল ২০১৫ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যায়।
এসএইচ





