মাদারীপুরের কালকিনিতে কুকুরের কামড়ে ১৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি কালকিনি উপজেলার সর্বত্র বেওয়ারিশ কুকুরে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্কুলগামী শিশুসহ সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার কালকিনি পৌর এলাকা, শিকারমঙ্গল, এনায়েতনগর এলাকায় ১৬ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। এদের বেশিরভাগই শিশু-কিশোর। তাদের কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুর নিধনে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় অধিক মূল্য দিয়ে বাইরের ঔষধের দোকান থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য হচ্ছে।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই। আমরা ঔষধ সরবাহের ব্যবস্থা করব এবং বেওয়ারিশ কুকুর নিধনেও কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।
কেএইচ





