বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে প্রতি ঘনমিটার সঞ্চালন চার্জ ১৫ পয়সা বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল)।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে এ গণশুনানি শুরু হয়। এতে বর্তমানে প্রতি ঘনমিটার সঞ্চালন (হুইলিং) চার্জ ৩২ পয়সা থেকে বাড়িয়ে ৪৭ পয়সা করার জন্য প্রস্তাব করেছে জিটিসিএল।

এতদিন নির্বাহী আদেশে হুইলিং চার্জ নির্ধারণ করা হলেও এই প্রথম চার্জ বাড়ানোর জন্য গণশুনানি চলছে।

গণশুনানিতে বিইআরসির চেয়ারম্যান এ আর খান, সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রহমান মুর্শেদ, মো. মাকসুদুল হক উপস্থিত রয়েছেন। এতে আরো উপস্থিত আছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক নুরুল ইসলাম, গণসংহতির জোনায়েদ সাকি প্রমুখ।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগমীকাল মঙ্গলবার সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) এবং দুপুর ২টায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে।

৪ ফেব্রুয়ারি সকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এবং দুপুরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) প্রস্তাবের ওপর চলবে গণশুনানি। আর ৫ ফেব্রুয়ারি সকালে জলালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) এবং দুপুরে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের (এসজিসিএল) প্রস্তাবের ওপর শুনানি হবে।

সব বিতরণ কোম্পানি একই হারে মূল্য বাড়ানোর প্রস্তাব করেছে। দাম বাড়ানোর প্রস্তাবে আবাসিক খাতে দুই চুলার বর্তমান দাম ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং এক চুলা ৪০০ টাকা থেকে ৮৫০ টাকা করার কথা বলা হয়েছে। অর্থ্যাৎ গ্যাসের দাম সর্বোচ্চ ১২২ দশমিক ২২ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে।

দাম বাড়ানোর প্রস্তাবে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক হাজার ঘনফুট গ্যাসের বর্তমান দাম ১১৮ টাকা ২৬ পয়সা থেকে ২৪০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতি এক হাজার ঘনফুট সিএনজির বর্তমান দাম ৮৪৯ টাকা ৫০ পয়সা থেকে এক হাজার ১৩২ টাকা ৬৭ পয়সা এবং সার কারখানায় ৭২ টাকা ৯২ পয়সা থেকে বাড়িয়ে ৮০ টাকা করার কথা বলা হয়েছে।

আবাসিকে মিটারের ক্ষেত্রে প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্য ১৪৬ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ২৩৫ টাকা করা হবে। বিদ্যুৎকেন্দ্রে প্রতি হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের জন্য ৭৯ টাকা ৮২ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা, বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে ২৬৮ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা, শিল্প গ্রাহকদের জন্য ১৬৫ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ২২০ টাকা, চা বাগানের ক্ষেত্রে ১৬৫ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ২০০ টাকার করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এএইচ