বিশ্বে চলমান করোনাভাইরাস মহামারির মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

আজ রোববার (২২ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি সাক্ষাৎ করলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কথা জানান।

সাক্ষাৎকালে তারা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, করোনাকালীন জীবনযাত্রা, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করেন।

এ সময় রাষ্ট্রদূত রাশিয়ার স্টেট ডুমার স্পীকারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ১৩ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য তৃতীয় ইউরো-এশিয়া উইমেন্স কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

কোভিডকালীন অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন।’

রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি বাংলাদেশের সঙ্গে সুদৃঢ় কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, বাংলাদেশের মানুষের অতিথি পরায়ণ আচরণ এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উল্লেখযোগ্য।

কোভিড-১৯ মোকাবিলা করে ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের গৃহীত উদ্যোগসমূহের প্রশংসা করেন তিনি।

এইচএন