পাবনার চাটমোহর রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকেট না পেয়ে স্থানীয় এক যাত্রী তার সহযোগীদের নিয়ে স্টেশনের অফিস কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জিআরপি পুলিশ ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চাটমোহর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, আনিছুর রহমান ওরফে আনিছ (২৬) নামের স্থানীয় এক যুবকসহ বেশ কয়েকজন স্টেশন অফিসে এসে আগামী ২ আগস্টের অগ্রিম টিকেট দাবি করে।

স্টেশন কাউন্টারের বুকিং সহকারী তাদের বলেন, ২ আগস্টের টিকেট বুধবার সকাল ৯টায় কম্পিউটার থেকে বের হবে। এর আগে টিকেট দেওয়া সম্ভব নয়। ৭২ ঘণ্টা আগে অগ্রিম টিকেট বিক্রি রেলওয়ের নিয়ম বহির্ভুত হওয়ায় তাদের বুধবার সকালে এসে টিকেট নিতে বলা হয়।

কিন্তু তা না মেনে আনিছ ও তার সহযোগীরা আমাদের হুমকী দিয়ে তাৎক্ষণিক টিকেট দেওয়ার দাবি করে। এ নিয়ে স্টেশন মাস্টারসহ স্টাফদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে যুবকরা স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর শুরু করে।

এ সময় তারা অফিসের টেলিফোন, চেয়ার-টেবিল, ভেতরের রুমের থালা বাসন ও ট্রেনের শিডিউল নিয়ন্ত্রক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিড়ে ফেলে।

খবর পেয়ে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ ও চাটমোহর থানা পুলিশ স্টেশন পরিদর্শনে আসে। এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের কাছে একটি মামলার এজাহার দেওয়া হয়েছে বলেও জানান সহকারী স্টেশন মাস্টার জহুরুল ইসলাম।

চাটমোহর থানার অফিসার ইন চার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের জানালে, আমরা ঘটনাস্থল পরিদর্শন করি মাত্র। আইনগত ব্যবস্থা নেবে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার অফিসার ইন চার্জ (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে স্টেশনে জিআরপি পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ স্টেশন স্টাফরা নিজেদের মধ্যে আপোস মীমাংসা করে নিয়েছে। কোনো মামলা হয়নি। মামলার এজাহারও আমরা পাইনি।

কেএইচ