মানিকগঞ্জ শহরের দোয়াত আলী মাদ্রাসা মাঠ থেকে নয় বোতল বিদেশি মদ ও ২৬৪ ক্যান বিয়ারসহ মো. সোহেল আমিন জাবেদ (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার রাতে আমদানি নিষিদ্ধ এসব মাদকদ্রব্য অটোবাইক থেকে নামানোর পর হাতেনাতে তাকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এই জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমাণিক গ্রামের মৃত জাহাঙ্গীর মোল্লার ছেলে জাবেদ শহরের ঠাটাঙ্গা মোড় এলাকায় বাসা নিয়ে থাকেন।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জাবেদ এই বিদেশি মদ ও বিয়ার ব্যবসায়ী। ঈদে জেলার বিভিন্ন স্থানে এগুলো বেচার জন্য চোরাই পথে এনেছেন তিনি।
বুধবার রাত সাড়ে আটটার দিকে একটি অটোবাইকে এসব মাদকদ্রব্য এনে ওই মাঠে নামান তিনি।
এ সময় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যল ও অমিতাভ বিশ্বাসের নেতৃত্বে একটি দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে জব্দ করেন ওই সংখ্যক স্কটল্যান্ডে তৈরি মদ এবং বেলজিয়াম ও হল্যান্ডের তৈরি বিয়ার।
আর জাবেদকে হাতেনাতে আটক করেন।
আমদানি নিষিদ্ধ এসব মদ ও বিয়ার আনায় বিশেষ ক্ষমতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাবেদের বিরুদ্ধে সদর থানায় পৃথক দু’টি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
এমই





