বরগুনা থেকে অপহৃত স্কুলছাত্রী ৫ মাস পর উদ্ধার করেছে পুলিশ। বুধবারে রাতে চট্টগ্রামের হালিশহরের মাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় আল-আমিন নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আল-আমিনকে বরগুনার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া আল-আমিনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মা নগর সাইনবোর্ড এলাকায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক পিপিএম জানান, বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার রিয়া চলতি বছরের ১৭ মার্চ বাসা থেকে প্রাইভেট পড়তে যাবার পথে অপহৃত হয়।
পরের দিন ১৮ মার্চ এ ব্যাপারে বরগুনা থানায় সাধারণ ডাইরি করে রিয়ার বাবা আশ্রাফ উদ্দীন খোকন। এরপর ২ জুলাই অপহৃত রিয়ার মা খালেদা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে বরগুনা থানায় একটি অপহরণ মামলা এজাহার করেন।
ওই মামলার আসামিরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নেয়াল শিকদারের ছেলে আল-আমিন, তার (আল-আমিনের) মা হামিদা বেগম, স্ত্রী হীরা আক্তার এবং বরগুনার আক্কাস মিয়া।
পুলিশ অভিযান চালিয়ে ১৩ আগস্ট রাতে চট্টগ্রামের হালিশহরের একটি বাসা থেকে অপহৃত ছাত্রী রিয়াকে উদ্ধার এবং অপহরণকারী আল আমিনকে গ্রেফতার করে বরগুনায় নিয়ে আসে।
পরে সকালে আল আমিনকে বরগুনার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





