করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রতিষ্ঠিত রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ৬ জন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুটি পৃথক আদেশে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন ৬ চিকিৎসককে বরখাস্ত করেন।

এক আদেশে বলা হয়েছে, কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২ মোতাবেক সাময়িক বরখাস্ত করা হল।

বরখাস্তকৃত চিকিৎসকরা হলেন- জুনিয়র কনসালটেন্ট ডা. হীরস্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ডারহানা হাসনাত, মেডিকেল অফিসার ডা. উর্মি পারভিন, মেডিকেল অফিসার ডা. কাওসার উল্লাহ।

অপর আদেশে বলা হয়, রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২ মোতাবেক সাময়িক বরখাস্ত করা হল।

এরা হলেন- জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হক।

আদেশে আরও বলা হয়েছে, এই আদেশে মহাপরিচালকের অনুমোদন রয়েছে এবং এই আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।

এমবি