মৌলভীবাজার শহরের ইসলামভাগ এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বসন্তপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আব্দুল কাসেম (৩২), আব্দুস সালাম (৩০), আব্দুস শহিদ (২২), সালাউদ্দিন (২৮) ও আব্দুল মালেক। তাদের বাড়ি মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম জানান, বুধবার রাতে ইসলামভাগ এলাকায় মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেমের বাসার গ্রিল কেটে একটি মোটরসাইকেল চুরি করে দুর্বৃত্তরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চুনারুঘাট উপজেলার বসন্তপুর এলাকার আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুছ সালেক জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

কেএইচ