পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ৩ দিন ধরে জিম্মী রয়েছে ১৪ জন জেলে। জিম্মী জেলে পরিবারগুলোতে দেখা দিয়েছে উদ্বেগ। দস্যুরা জনপ্রতি ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে।
জিম্মী জেলেদের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী ও মরাভোলা এলাকায় নদীতে মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী জেলেদের উপর আক্রমণ করে মারধর করে ৬ জেলেকে মুক্তিপণের দাবিতে ধরে নিয়ে যায়।
অপহৃত জেলেরা হচ্ছেন- সোহেল সরদার (২৩), সুমন খান (২২), মিজান হাং (২৪), বারেক হাং (৩৫), রফিকুল (৩০), হাকিম তাং (৩৫)। এদের সবার বাড়ি শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে।
অপরদিকে, বনদস্যু জাহাঙ্গীর বাহিনী গতকাল সোমবার ভোর রাতে সুন্দরবনের পাকগুদি এলাকা থেকে ৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। তারা হলেন- রফিকুল (৩৫), হারুন (৪০), হাসান (৪০), আ: হাকিম (৩০), আলামিন (২০), জুয়েল (২৫), বাদল (২৫) ও রুস্তম (২৮)। তাদের বাড়ি উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে।
দস্যুরা জনপ্রতি ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলেও হতদরিদ্র জেলে পরিবারগুলোর সামর্থ্য নেই দস্যুদের দাবিকৃত অর্থ পরিশোধের। তাই পরিবারগুলোতে পড়েছে বিপাকে।
সুন্দরবনের দাসেরভারানী টহল ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন জেলেদের জিম্মী থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআইএস





