ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মজিবুর রহমান (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

শনিবার (২৫ জুন) দুপুর উপজেলার গাবতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম এ সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইলগামী একটি প্রান্তিক পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার পাশে ক্ষেতে পড়ে গেলেও অল্পের জন্য যাত্রীরা রক্ষা পান।

তবে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা কাপড় ব্যবসায়ীসহ ছয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহতরা সবাই টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় বলে জানা গেছে।

ওএফ