চট্টগ্রাম কারাগারে জোড়াখুনের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে আবু রায়হান (২৭) নামে ওই কয়েদি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর।

রায়হান চট্টগ্রামের আগ্রাবাদে মা-মেয়ে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

ইকবাল কবীর বলেন, রায়হান বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

গত বছরের ২৪ মার্চ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় রেজিয়া খাতুনের স্বামী রেজাউল করিম ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করলে গোয়েন্দা পুলিশ খুলশী থেকে শহীদ এবং ঢাকার ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে রায়হানকে গ্রেপ্তার করে।

গত বছরের নভেম্বরের শুরুতে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী চাঞ্চল্যকর এ মামলার রায়ে আবু রায়হান ও তার সহযোগী শহীদকে মৃত্যুদণ্ড দেন।

ওএফ