গাইবান্ধার সাদুল্যাপুরের একটি পুকুরের পেটে ধসে গেছে পাকা সড়ক। তো সড়ক নয় যেন জীবনের মরণ ফাঁদ। তবুও প্রয়োজনের তাগিদে চলাচল করছে জনসাধারণ। জীবনের ঝুঁকি নিয়ে চলতে গিয়ে মাঝে মধ্যে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ সড়কটি হচ্ছে, সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তানগর বটতলা-চান্দের বাজার পাকা সড়ক।

এ সড়কের বটতলার দুলা মেম্বরের বাড়ি সংলগ্ন স্থানে রয়েছে বিশালাকৃতির একটি পুকুর। ওই পুকুরটিতে ধসে গেছে প্রায় ৬০ ফুট রাস্তা। একারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। সড়কের বর্তমান বেহাল দশা দেখে মনে হয় যেন মৃত্যুর ফাঁদ।

সরজমিনে গেলে এলাকাবাসী জানায়, সাদুল্যাপুর উপজেলা শহরের সাথে একমাত্র যোগাযোগের ভরসা এই সড়ক। ব্যস্ততম সড়কটি দিয়ে প্রতিনিয়ত শতশত যানবাহন ও পথচারী চলাচল করে থাকেন। রাস্তাটি মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওৎপ্রতো ভাবে জড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির অংশ বিশেষ পুকুরে মধ্যে ভেঙ্গে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ। রাস্তা নয় যেন জীবনের কালশত্রু। রাস্তাটির এমন বেহাল অবস্থা তবুও যেন দেখার কেউ নেই।

রাস্তাটির উল্লেখিত স্থানে বহুদিন যাবৎ মেরামতের অভাবে যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় জনজীবন দুর্ভোগে পড়েছে। ফলে প্রায়ই দুর্ঘটার মুখোমুখী হচ্ছে পথচারী ও হাটুরে।

স্থানীয় জনগণের অভিযোগ, উর্দ্ধতন কর্তৃপক্ষের উদাসিনতায় ও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে গুর“ত্বপুর্ন ও ব্যস্ততম সড়কটি বর্তমানে পথচারীর প্রাণনাশের কারণ হয়ে দাড়িয়েছে। এ রাস্তা দিয়ে চলাচলের সময় নানা ধরণের যানবাহন উল্টে প্রায়ই ওইস্থানে হতাহতের ঘটনা ঘটেছে। সেই সাথে যানজটেরও সৃষ্টি হচ্ছে।

নিরাপদ সড়ক চাই সাদুল্যাপুর উপজেলা শাখার আহবায়ক খোরশেদ আলম জানান, উক্ত স্থানে দুর্ঘটনা এড়াতে রাস্তাটি সংস্কার খুবই প্রয়োজন। ইতোমধ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মাধ্যমে কর্তপক্ষের নেক দৃষ্টি কামনা করা হয়েছে।

সাদুল্যাপুর উপজেলা প্রকৌশলী আজিজুল হক জানান, সড়কটির বেহাল দশা চোখে পড়ার মত। দুর্ঘটনা এড়াতে দ্র“ত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

এসটি