অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তিকে ‘স্বাভাবিক’ বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ট্রেনের টিকিট কাটতে যে ভোগান্তি হচ্ছে, সেটা অস্বাভাবিক কিছু না।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী এই কথা বলেন।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ৪০ থেকে ৫০ লাখ লোক যদি একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করেন, তাহলে তো সমস্যা হবেই। ট্রেনের সিট ক্যাপাসিটি থাকে ৭০০, সেখানে টিকিট বিক্রি হচ্ছে ৩৫০টা। মানুষের যে চাপ, সেটাতো সামাল দিতে পারা কঠিন।
প্রশ্নে রেলমন্ত্রী বলেন, লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদের ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে। সেখান থেকে প্রচুর যাত্রী ওঠেন। এটা বন্ধ করা গেলে লোকাল ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি মানানো যাবে।
তবে ট্রেনে আমরা একটা আধুনিক প্রযুক্তির যুগোপযোগী মানসম্মত সেবা দেওয়ার জন্য শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। যোগ করেন নূরুল ইসলাম সুজন।
এমবি





