মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় ট্রাকচালক ও হেলপার দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার নারানপুর এলাকার আব্দুর রশিদের ছেলে ট্রাকচালক মিলন (৩৫) ও একই এলাকার হেলপার ইমারুল (১৮)।
স্থানীয়রা জানান, ভোরে আড়পাড়া বাজার অতিক্রম করছিল যশোর থেকে ঢাকাগামী আদাবোঝাই একটি ট্রাক। এসময় একদল অবরোধকারী ট্রাক লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হন চালক ও হেলপার। ট্রাকের অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক ডা. মমতাজ মজিদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় মিলন ও ইমারুল সদর হাসপাতালে ভর্তি হন। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সকালে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





