গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে জুঁই (২০) নামে এক প্রসূতিকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী আব্দুল হালিম (২৭)।
সোমবার রাত ২টার দিকে তাকে হত্যা করা হয়। খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জুঁই একই গ্রামের দিনমজুর জিল্লুর রহমানের মেয়ে। তার স্বামী আব্দুল হালিমের বাড়ি একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুঁই প্রায় একমাস আগে সন্তান প্রসব করার জন্য বাবার বাড়ি আসেন। ২১ দিন আগে একটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। সোমবার সন্ধ্যায় মেয়ে ও স্ত্রীকে বাড়ি নেওয়ার জন্য আব্দুল হালিম শ্বশুর বাড়ি আসেন।
জুঁই এসময় স্বামীর বাড়ি যেতে না চাইলে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জেরে রাত ২টার দিকে আব্দুল হালিম তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই জুঁইয়ের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমবি





