পুলিশের দৃষ্টিভঙ্গি ও দর্শনে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

তিনি বলেন, পুলিশ সামনের সারিতে থেকে পেশাদারিত্বের সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। পুলিশের উপস্থিতি নেই জীবনের ও সমাজের এমন কোনো ক্ষেত্র নেই। পুলিশের প্রয়োজন আছে সর্বত্র। অগ্রণী হিসেবে তারা দায়িত্ব পালন করছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে’২০২০-উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ঢাবি উপাচার্য বলেন, শান্তি, কঠিন সংকটে, দুর্ঘটনার সময় পুলিশ সামনের সারিতে থেকে আমাদের জন্য কাজ করছে। সে কারণে তাদেরকে উৎসাহ দেওয়া ও ভালো কাজকে সামনে আনা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।

‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যের প্রশংসা করে উপাচার্য বলেন, পুলিশের দৃষ্টিভঙ্গি ও দর্শনে পরিবর্তন এসেছে। আমি উপাচার্য হিসেবে এখানে এসেছি, আমি এই কমিউনিটির একজন সদস্য। পুলিশের সর্বত্র যে সহযোগিতা আমরা পাচ্ছি তা এই কমিউনিটি পুলিশিং সুবিধার অংশ হিসেবে আমরা ভোগ করছি।

তিনি বলেন, পুলিশ ও কমিউনিটির সদস্যগণ আমাদের সমাজকে সুশৃংখল রাখার জন্য অপরাধ হ্রাস করতে কাজ করছে। বর্তমানে ইউনিভার্সিটির গ্রাজুয়েটরা পুলিশে আসতে আগ্রহী হচ্ছে, তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে, মানুষের আস্থার জায়গা বেড়ে গেছে।

ড. আখতারুজ্জামান বলেন, পুলিশের হাজার হাজার ভালো কাজের উদাহরণ আছে, তারা সমাজের যেকোন অপরাধ দমন ও অসহায়দের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে। তিনি বলেন, আমাদের দায়িত্ব হবে পুলিশের যে ভালো কাজগুলোর জন্য সমাজ, দেশ ও কমিউনিটি উপকৃত হচ্ছে সে কাজগুলো সামনে তুলে আনা এবং এটা খুবই জরুরী।

এমবি