বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী নাজমাকে (২২) গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নাজমার বাবা জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুল খালেক জানান, সাত মাস আগে আমতলী উত্তরপাড়ার আব্দুর রশীদের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে নাজমার বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করতেন সিরাজুল।

শনিবার সন্ধ্যায় মেয়ে-জামাইকে দাওয়াত দেওয়ার জন্য তিনি মেয়ের শ্বশুর বাড়ি আসেন। রোববার সকাল ১১টার দিকে নাজমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে তিনি বাড়ির পাশে রোদ পোহাতে যান। এই সুযোগে যৌতুকের দাবিতে সিরাজুল এসময় নাজমাকে দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। এসময় চিৎকার শুনে তারা এসে নাজমাকে উদ্ধার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক ওয়াহেদুজ্জামান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইআর