গাইবান্দা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের জামলারজান ব্রিজ এলাকার হিন্দুপাড়ায় অবৈধভাবে গড়ে উঠা অশ্লীল নৃত্য ও জুয়ার প্যান্ডেল ভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন প্রশাসন।
এসময় জমির মালিক আকবর হোসেনের ছেলে ছামিউল ইসলামকে (৩৮) আটক করা হয়।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লা আলম মামুন তালুকদার পুলিশ নিয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালান। অভিযানের সময় প্যান্ডেল ভেঙ্গে আগুন দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ভাতগ্রাম ইউনিয়নের জামলারজান ব্রিজ এলাকার হিন্দুপাড়ার শ্রী সচিনের বাড়ি সংলগ্ন আকবর হোসেনের জমিতে প্যান্ডেল করে মাইকে প্রচার চালিয়ে ৩-৪ দিন ধরে অশ্লীল নগ্ন নৃত্য ও জুয়া খেলা চলছিল। স্থানীয় বেশ কয়েকজন চিহ্নিত জুয়াড়ি নৃত্য ও জুয়া খেলা চালিয়ে আসছিলেন।
বিষয়টি সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লা আলম মামুন তালুকদারকে জানান স্থানীয়রা। পরে তিনি পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অশ্লীল নগ্ন নৃত্য ও জুয়া প্যান্ডেল ভেঙ্গে আগুন দেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লা আলম মামুন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে অভিযোগ পেয়ে তিনি অভিযান চালান।
আটক ছামিউলকে সোমবার সকালের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।
এমই





