রাজধানীর বাড্ডায় দরজা ভেঙে মা ও দুই শিশু মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে এক শিশু মারা যায়।
আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত শিশুর নাম আরিয়া (২)। তার মা শাহানা আক্তার (৩২) ও বোন আগমনীর (৪) চিকিৎসা চলছে।
প্রতিবেশী মো. সেলিম জানান, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উত্তর বাড্ডার খানবাগ মসজিদের পাশে ভাড়া বাসার দরজায় শাহানার স্বামী মো. সেলিম অনেক ধাক্কাধাক্কি করে কোনো সাড়া পাচ্ছিলেন না।
পরে ভাড়াটিয়া ও বাড়ির মালিককে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন তিনি। শাহানা আক্তার ও দুই শিশুসন্তানকে বিছানার ওপর অচেতন অবস্থায় পাওয়া যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, প্রকৃত ঘটনা কী, তা কেউ বলতে পারছেন না। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এসএম





