চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ছড়িয়ে পড়া ডায়রিয়ার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত সদর হাসপাতালেই ৮০ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। মাত্র ১০ বেডের ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে বারান্দায় এবং করিডোরে জায়গা হয়েছে রোগীদের। আবার অনেকের ঠাঁই হয়েছে হাসপাতালের মূল ফটকে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর কলোনির শামীম হোসেন সেন্টুর মেয়ে শাপলা মঙ্গলবার বিকেল থেকে হাসপাতালে ভর্তি আছেন। তিনি জানান, মেয়ের এইচএসসি পরীক্ষা, খুবই দুশ্চিন্তায় আছি। মেয়ে কাল পরীক্ষা দিতে পারবে কিনা।
শাপলার মতো হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন শহরের পোলাডাঙ্গা এলাকার সোনিয়া আক্তার। তিনিও এইসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। জানান, তার পরিবারের চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চাঁদলাই এলাকার আব্দুল রাজ্জাক জানান, তিনি মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বটতলা হাট এলাকার সুমি খাতুন তার চার বছরের ছেলে জনিকে নিয়ে হাসপাতালে এসেছেন।
অল্প সময়ে এতো রোগীর চাপ সামলাতে হিমশিহ খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। পৌরসভার সরবরাহ করা পানি থেকেই ডায়রিয়া ছড়াচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে পৌরসভার সরবরাহ করা পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ডায়রিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকা থেকে একটি মেডিকেল টিমও আসতে পারেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. আলাউদ্দীন। তিনি জানান, অতিরিক্ত রোগীর সেবা নিশ্চিত করতে বিশেষ বরাদ্দে স্যালাইন আনা হয়েছে।
জেআই





