প্রতিশ্রুতি অনুযায়ী মেজবানি খাওয়ালেন জার্মান ফুটবল দলের ভক্ত আমজাদ হোসেন। রোববার দুপুরে মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে মেজবানির আয়োজন করেন তিনি।
ব্রাজিল বিশ্বকাপ চলাকালে তিনি ঘোষণা দিয়েছিলেন জার্মান ফুটবল দল জয়ী হলে এলাকাবাসীর জন্য মেজবানির আয়োজন করবেন। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন।
তিনি নিজের গ্রাম, মাগুরা শহর, ঢাকায় কর্মরত সাংবাদিক এবং জার্মান দলের সমর্থকদের মেজবানিতে দাওয়াত করেন। এদিন প্রায় সাতশ' মানুষকে গরু ও মুরগীর মাংস, মাছ এবং বিভিন্ন প্রকার মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন তিনি।
আমজাদ জানান, তার দাওয়াতে সাড়া দিয়ে সবাই উপস্থিত হওয়াতে তিনি খুবই খুশী। সেই সাথে সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
২০১৪ সালের বিশ্বকাপ চলাকালে জমি বিক্রি করে দীর্ঘ ৩ কিলোমিটার পতাকা তৈরি করেন কৃষক আমজাদ হোসেন। জার্মান ফুটবল দলের প্রতি তার ভালবাসার প্রকাশ দেখে গ্রামের বাড়িতে ছুটে গিয়েছিলেন ঢাকায় জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফার্দিনান্দ ফন ওয়েহে।
আমজাদ হোসেনকে জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করেন এই রাষ্ট্রদূত।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





