জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার যেখানে ভোটে কারচুপি বন্ধ করার জন্য ই-ভোটিং চালু করার উদ্যোগ নিচ্ছে, তখন বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।জাতীয় নির্বাচনকে যে কোনো মূল্যে বাধাগ্রস্ত করতেই বিএনপি এসব উদ্ভট কথাবার্তা বলছে। আসলে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতেই তারা যে কোনো সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।
শনিবার (১৪জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের একাডেমি ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাসদ সভাপতি বলেন, যেহেতু নির্বাচন তার এজেন্ডা নয়, সেহেতু নির্বাচন যাতে বানচাল হয়ে যায় এবং সময়মতো নির্বাচন না হয় তার জন্য খালেদা সংকট তৈরি করতে সব রকম সংস্কার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে স্বচ্ছ করতেই সরকার ও নির্বাচন কমিশন ই-ভোটিংয়ের উদ্যোগ নিচ্ছে। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কারচুপি হবে এটা বিএনপির উদ্ভট কথা। মন্ত্রী বলেন, খালেদা জিয়া মুখে গণতন্ত্র ও নির্বাচনের কথা বললেও উনি আসলে জঙ্গি, সন্ত্রাস ও যুদ্ধাপরাধী জামায়াতের যৌথ ক্লাবের সভাপতি। এখন সরকারের কঠোর অবস্থানের কারণে জঙ্গি-সন্ত্রাস যখন অনেকটা নির্মূল হয়েছে, তখনই খালেদা জিয়া সুর পাল্টাচ্ছেন।
এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রানী সাহা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সবুজ/জারিফ





