রানা প্লাজা ট্রাজেডি দিবস উপলক্ষে ছুটি না দেয়ায় রাজধানীর মালিবাগে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার বেলা পৌণে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
রামপুরা থানার ওসি আলমগীর হোসেন ভুইয়া  এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রানা প্লাজা ট্রাজেডি দিবস উপলক্ষে বেলা ২টার পর কারখানা ছুটি দেয়ার কথা ছিল। কিন্তু মালিবাগ চৌধুরীপাড়া এলাকার আবুল হোটেলের কাছে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেলা ২টা পর্যন্ত কাজ করার পর ছুটি না পেয়ে উত্তেজনা দেখা দেয়। প্রায় ১০/১২টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে। পরে কারখানার গেট ভাঙচুর শুরু করে তারা।
এসময় গাড়ি ভাঙচুরের চেষ্টাও চালানো হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো উত্তেজনা বিরাজ করছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]