যশোর উপশহর আলিম মাদ্রাসায় সাময়িক বহিষ্কৃত হওয়া অধ্যক্ষ ও তার স্বজনদের হামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ চার শিক্ষক আহত হয়েছেন।
আহত শিক্ষকরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোববার দুপুরে মাদ্রাসার ভেতরে এ হামলার ঘটনা ঘটেছে।
আহত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া হোসেন জানান, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে বছরখানেক আগে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশ বাতিল ও দায়িত্বে পুনর্বহালের দাবিতে আব্দুর রাজ্জাক ও তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মাদ্রাসায় ঢোকেন।

এরপর তাকেসহ মাদ্রাসা শিক্ষক আব্দুল ওহাব, মহিদুর রহমান, আব্দুল মালেকসহ কয়েক শিক্ষককে এলোপাতাড়ি মারধর করে। বেধড়ক মারপিটে তার মাথা ফেটে যায়। তাদের মারপিটে আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ