বরিশালের পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে খোলা ডাকে আড়াই কেজি ওজনের একটি ইলিশ ১১ হাজার ৩৬০ টাকায় বিক্রি হয়েছে।
বাজারের টোল (খাজনা), আড়তদারি ও সমিতির চাঁদা মিলিয়ে মাছটির দাম ১২ হাজার টাকা। ইলিশটি কিনেছেন পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পাইকারি মাছ বাজারের আড়তদার কামরুল হুদা মিরাজ।
এলাকাবাসী জানান, রোববার দুপুরে পাথরঘাটার বিশখালী নদীর নিদ্রাছকিনা এলাকায় গনি মাঝির খুঁটি জালে ধরা পড়ে মাছটি।
সোমবার মাছটি পাথরঘাটার রাজু ফিশ আড়তদার খলিলুর রহমান বিএফডিসি পাইকারি বাজারে নিয়ে আসেন। এ সময় ৪৮ পাইকারের অংশগ্রহণে খোলা ডাকের মাধ্যমে মণপ্রতি ১ লাখ ৮৫ হাজার টাকা দরে বিক্রি হয়। এতে মাছটির দাম পড়ে ১২ হাজার টাকা। মাছটি বিক্রির সময় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিল।
ক্রয়কারী আড়তদার মিরাজ জানান, মাছটি নওগাঁ জেলার আড়তদার জালালের কাছে পাঠানো হবে। এটি সেখানে ১৮ হাজার টাকায় বিক্রি হবে বলে তার ধারণা।
পাথরঘাটা পাইকার সমিতির সভাপতি শাফায়েত হোসেন বলেন, 'গত ১০ বছরের মধ্যে এত বড় মাছ এ বাজারে আর দেখা যায়নি।'
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





