নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ ফতুল্লা থানা যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। উপজেলার ফাজিলপুরের বাসা থেকে রবিবার রাত ১টায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফতুল্লা থানা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহিন ওরফে চুষনী শাহিন (৩৬) ফাজিলপুরের মৃত মুনসুরের (কন্ট্রাক্টর) ছেলে।

র‌্যাব-১১ এর সিপিসি-১ এর এএসপি শাহ শিবলী সাদি সংবাদ সম্মেলনে সোমবার বেলা সাড়ে ১১টায় এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ফাজিলপুরে শাহিনের বাসায় অভিযান চালিয়ে তার শোয়ার ঘরের তোষকের নিচ থেকে একটি ৭.৬৫ এম এম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি ছুরিসহ তাকে গ্রেফতার করা হয়। শাহিন এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী বলেও উল্লেখ করা হয়।

জেআই