কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আনিস মিয়া (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও ৪০ জন।
সোমবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আনিস ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া মিয়ারহাটি গ্রামের আরাফাত মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বুলবুল চৌধুরীর সঙ্গে একই এলাকার বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে বাড়ির সামনে পুকুরের পাড়ে মাটি ভরাটকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ২ ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে বুলবুল চৌধুরী গ্রুপের সমর্থক আনিস মিয়া ঘটনাস্থলেই মারা যান।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে ধাওয়া করে স্থানীয়রা।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জারিফ





