রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জের রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাবেয়া ও জারা মনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের কয়েকজন বাসিন্দা ময়মনসিংহের নান্দাইলে এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা।

পথে কটিয়াদীর আচমিতা এলাকার তেভাগায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিলন মিয়ার মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

এস