পুলিশের আইজিপি শহীদুল হক বলেছেন, ‘পুলিশ সকলের কাছে তো দূরের কথা, পরিবারের কাছেও প্রিয় ব্যক্তি নন। এই যে আমার স্ত্রী আপনাদের সামনে বসা। তিনিও আমাকে নানা অভিযোগ করেন সময় দিতে পারি না বলে। আপনারাই বলুন ২৪ ঘণ্টার মধ্যে যদি ১৫-১৮ ঘণ্টা ডিউটি করতে হয়, তাহলে পরিবারকে সময় দেব কী করে?’

নিউইয়র্কে অবস্থানকালে রবিবার সন্ধ্যায় জ্যামাইকার তাজমহল পার্টি হলে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন। ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী’ নামে একটি সংগঠনের ব্যানারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘নিয়মের বাইরেও নানা কাজে ব্যস্ত থাকতে হয় পুলিশকে। পারিবারিক কলহ, জমিজমা নিয়ে বিরোধ ইত্যাদি ফ্যামিলি কোর্ট কিংবা আদালতের বিষয়। অথচ মানুষ ছুটে আসেন পুলিশের কাছে। তখন বেসিক পুলিশিং ব্যাহত হয়। তবুও আমরা কৌশলেই সব প্রতিকূলতা মোকাবেলা করি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় দক্ষতার কথা তুলে ধরে আইজিপি বলেন, ‘আজকে আপনারা দেখেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতায় দীর্ঘদিনের অমীমাংসিত ছিটমহল সমস্যার সমাধান, সমুদ্র বিজয়, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণসহ অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। এ ছাড়াও রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ সর্বক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন তিনি।’

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বব্যাপী একটি মডেল রাষ্ট্র। এই যে আমেরিকার সাথে বাংলাদেশের বৈরিতা থাকলেও তারাও স্বীকার করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ও সন্ত্রাস মোকাবেলায় অনেক এগিয়েছে। আমাদের দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূততো সবখানে এ সব কথা বলে বেড়াচ্ছেন।’

আওয়ামী লীগ যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় এতে অংশ নেন সাঈদ রহমান মান্নান, বেদারুল ইসলাম বাবলা, আইরিন পারভীন, কমান্ডার নুরন্নবীসহ অনেক প্রবাসী।

এএইচ