গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানায়, জমি নিয়ে ওই গ্রামের জুলমত খাঁ ও আলাউদ্দিন খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫জন আহত হয়। এর মধ্যে হাসান মাস্টার (৪৩), বাসু ফকির (৪৫), মাসুদ ফকির (৩০), রফিক সিকদার (৪০), শাহবুর আলম (৪০), মিলন মোল্যাসহ (৩০) ছয়জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে অবস্থার অবনতি ঘটলে হাসান মাস্টার ও বাসু ফকিরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে খবর পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ও কাশিয়ানী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





