সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের নাম হলো- মুক্তা (৫) ও আল আমিন হোসেন (৫)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা কালীগঞ্জ উপজেলার নাটুয়ারবেড় গ্রামের মোশারফ হোসেনের মেয়ে ও আল আমিন হোসেন শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

মোশারফ হোসেন বলেন, আল আমিন তার মায়ের সঙ্গে আমাদের বাসায় বেড়াতে এসেছিল। বিকালে আল আমিন ও আমার মেয়ে মুক্তা একসঙ্গে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। এর একপর্যায়ে দুজনই পুকুরে পড়ে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশীরা পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার এসআই সিহাবুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।

এমআর