বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের জনগণের ওপর বিশ্বাস নেই। তাই তারা পরিকল্পিত ভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তাদের অধীনে নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতায় টিকে আছে।’

শুক্রবার রাজধানীর কাফরুলে আব্দুল হালিম ফাউন্ডেশন স্কুলে কাফরুল থানা বিএনপির আহবায়ক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য আলী আজগর মাতবরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

দোয়া মাহফিলের আয়োজন করে কাফরুল থানা বিএনপি ও অঙ্গ সংগঠন।

মির্জা ফখরুল বলেন, এ সরকার জাতীয় নির্বাচনের পর সিটি, উপজেলা, পৌর নির্বাচনসহ সকল নির্বাচনে ভোট ডাকাতি করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও ভোট ডাকাতির পরিকল্পনা করছে।

তিনি বলেন, বাংলাদেশে রাজনীতি বলতে কিছু নেই। রাজনৈতিক অধিকারগুলো ছিনিয়ে নেয়া হয়েছে। আজ সারা দেশের মানুষ কথা বলতে পারেনা। বিরোধী দলগুলোকে সভা-সমাবেশ করতে দেয়া হয় না, মিছিল করতে দেয়া হয় না। শুধু এক দল দেশ শাসন করবে এবং এক দল (আওয়ামী লীগ) ছাড়া কোন দল থাকবে না। এভাবে তার বিরোধী দলের উপর নির্যাতন করছে। আমরা এ রকম দেশ দেখতে চাই নাই। এ জন্য দেশ স্বাধীন করি নাই।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও হারোনো অধিকার ফিরিয়ে আনা হবে। এদেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে।

কাফরুল থানা বিএনপির সদস্য সচিব মোজ্জামেল হোসেন মতির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, অর্থ নৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা কাজী আবুল বাশার, ইউনুছ মৃধা, ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।

 

এআইজে