ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ডে একশ বোতল ফেনসিডিলসহ মুশিরা মেজবাহ (১৩) নামে এক কিশোরীকে আটক করা হয়েছে।
সোমবার ভোরে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস তল্লাশি করে এই মাদকদ্রব্যসহ তাকে আটক করে পুলিশ।
মুশিরা সাতক্ষীরা সদর উপজেলার কোলাশুনি গ্রামের মো. মেজবাহ উদ্দিনের মেয়ে।
এর আগে যশোর জেলা থেকে পুলিশ একই বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়িসহ তাকে আটক করে।
গোলড়া হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, মুশিরা লেখাপড়া করেন না। বাবার সঙ্গে ভারতীয় শাড়িসহ মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত তিনি।
মেজবাহ ও মুশিরা ভারতীয় শাড়ি কাপড় এবং ওই ফেনসিডিল নিয়ে গতকাল রবিবার রাতে সাতক্ষীরা থেকে ঈগল পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ১৪-৮৬৫৪) ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে যশোর এলাকায় পুলিশ বাস তল্লাশি করে ভারতীয় শাড়িসহ মেজবাহকে আটক করে।
ওই সময় মুশিরা পুলিশকে ফাঁকি দিয়ে বাসটিতেই ঢাকায় রওনা হন।
পরে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জের গোলড়া এলাকায় ওই বাসটি তল্লাশি করা হয়। এ সময় মুশিরার কাছে প্লাষ্টিকের তৈরি মাছের ঝুড়িতে ওই ফেনসিডিল পাওয়া যায়।
ফেনসিডিলগুলো জব্দ করে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এমই





