লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও স্থানীয় চর আবাবিল ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে উপজেলার হায়দরগঞ্জ বাজারের উলফা বাহিনী ও চেয়ারম্যান সমর্থকদের মধ্যে শুক্রবার সকাল ১১টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নয়জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইউপি চেয়ারম্যান শহীদ উল্যার অবস্থা গুরুতর।
আহতরা হলেন- ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা (বিএসসি), আ. সাত্তার, রাসেল, জিয়াউর রহমান, মো. জাফর, মনু মিয়া, নাদিম হোসেন, শুকুর মিয়া ও সুব্রত। বাকি আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় পাওয়া যায়নি।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মইন উদ্দিন জানান, আওয়ামী লীগ নেতা ও স্থানীয় চেয়ারম্যান এবং আরেক আওয়ামী লীগ নেতা দুলাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল হওলাদারের নেতৃত্বাধীন উলফা বাহিনীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চর আবাবিল ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা এবং তার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সকালে চেয়ারম্যান শহীদ উল্যা ইউপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় উলফা বাহিনীর সদস্য মনু মিয়া তাকে কুপিয়ে জখম করে। এর জেরে চেয়ারম্যান সমর্থকরা দলবদ্ধ হয়ে উলফা গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায়। ফলে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হলেও নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন।
কেএইচ





