রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত কো-পাইলট তামান্না ফেরদৌস রিদির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়।
আজ বুধবার সন্ধ্যায় তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেডের ইঞ্জিনিয়ার রুমি জানান, দুপুর দেড়টার দিকে প্রশিক্ষক সাইদ কামাল ও কো-পাইলট তামান্না দুই জন একটি প্রশিক্ষণ বিমান দিয়ে আকাশে উড়ে। বিমানটি রানওয়েতে টেক অফ করার সময় বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে কো-পাইলট তামান্না ঘটনাস্থলেই মারা যান।
বিমানে থাকা প্রশিক্ষক সাইদ কামাল অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে রাজশাহী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এর আগেও ২০১৩ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ ফ্লাইং একাডেমির দুই সিটের একটি চেস্না ১৫২(S2-ABI) উড্ডয়ন প্রশিক্ষণ বিমান রাজশাহী বিমান বন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের সময় বিমানটি উল্টিয়ে যায়, প্রশিক্ষক এবং শিক্ষানবিস বিমান-চালক উভয়ই সামান্য আহত হয়ে বেঁচে আসেন।
এসএইচ





