১২’শ কেজি বিস্ফোরক দ্রব্যসহ চার জনকে গ্রেফতারের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরক তৈরীর জন্য তাদের কাছে তিন ধরনের রাসায়নিক উপাদান ছিলো।

সোমবার দুপুর ১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গ্রেফতার কৃতরা হলেন, আওয়াল, আলম, শরিফ এবং সাইদুল।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৪টার দিকে আওয়ালকে বিস্ফোর দ্রব্য বিক্রির সময় হাতে নাতে লালবাগ ও চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দুই সহযোগী আলম ও শরিফকেও গ্রেফতার করা হয়।

মনিরুল ইসলাম আরো বলেন, পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তাদের কাছে বিস্ফোরক তৈরির জন্য সালফার, হেক্সাক্লোরাইড এবং লিথিয়ামের সমন্বয়ে তিন ধরনের রাসায়নিক উপাদান ছিলো। এই উপাদান দিয়ে ককটেলসহ বড় ধরনের বোমা তৈরি করা হয়।

তাদের উৎস বা কোন উগ্রপন্থিদের সাথে সংস্লিষ্টতা সম্পর্কে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম তেমন কিছু বলেননি।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যুগ্ম কমিশনার বলেন, সাইদুল আনেক দিন থেকে এ গুলো সংগ্রহ করে ব্যবসা করে আসছিলো। এবং তারা এগুলো পেশাদার বোমাবাজদের কাছে বিক্রি করতো।

রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, প্রাথমিকভাবে তাদের সাথে কোন রাজনৈতিক সংস্লিষ্টতা পাওয়া যায়নি। তবে আরো জিজ্ঞাসাবাদে জানা যাবে বলেও জানান তিনি।

এমআর/এমকে