১৫ দফা দাবিতে ডাকা ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মালিক ও শ্রমিক নেতারা।

বুধবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে নেতারা এই ঘোষণা দেন।

এরআগে গতকাল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয় ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইম মুভার মালিক ও শ্রমিকরা।

আজ দুপুর ১২টার দিকে দাবি-দাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তারা বৈঠকে বসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহণকারী মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের ১৮ জন নেতা বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহণ মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মকবুল আহমদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে বৈঠকে আমাদের সবগুলো দাবির যৌক্তিকতা তুলে ধরেছি। তিনি দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।”

বৈঠক শেষে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো: মনির সাংবাদিকদের বলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে। আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবগুলো দাবি নিয়ে আলোচনা হয়েছে। তাদের দাবি-দাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। বৈঠকে আলোচনায় সন্তুষ্ট হয়ে তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

এমবি