বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বৈরী আবহাওয়া ও ঘূর্ণি বাতাসের পাশাপাশি ভারী বর্ষণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এসব এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে।

শনিবার (২১ মে) ভোরে প্রবল জোয়ারের পানিতে উপজেলা নিম্নাঞ্চল তলিয়ে যায়। এতে হাতিয়ার হাজার ‍হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

প্লাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রাম, পশ্চিম সোনাদিয়া গ্রাম, পশ্চিম মাইজচরা গ্রাম, চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম, কালুহাজির গ্রাম, পন্ডিত গ্রাম, আফাজিয়া, সুখচর ইউনিয়নের চর আমানউল্লা গ্রাম, রামচরন বাজার, কামাল বাজার, চেয়ারম্যান বাজার, বৌ-বাজার, দাসপাড়া, কাহার গ্রাম, দরগা গ্রাম, বাদশা মিয়াগো গ্রাম, কাদির সর্দার গ্রাম ও মালিশাগো গ্রাম, তমরদ্দি ইউনিয়নের আঠারবেকী, জোবায়েরা, বেজুগালিয়া, জোড়খালী, কোরালিয়া ও মদনখালী।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান মো. মাঈন উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে এখনো ওই এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে দ্রুত প্লাবিত এলাকার মানুষকে সহযোগিতা করা হবে।

এমআর