বাগেরহাট এলাকায় সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সুন্দরবন বন পশ্চিম বিভাগের নলিয়ান কালাবগি এলাকার সোনাইমুখী খালে গোলাগুলির এই ঘটনা ঘটে।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা শাখার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ এইসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও কোস্টগার্ড তার নাম-পরিচয় বলতে পারেনি।

কোস্টগার্ড কর্মকর্তা মাহমুদ বলেন, “বনদস্যু আছাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় যায়। ডাকাতদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। কোস্টগার্ড পাল্টা গুলি চালায়।”

তিনি আরও বলেন, প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর বনদস্যুরা পিছু হটে। পরে কোস্টগার্ড সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে ৪টি একনলা বন্দুক ও ১টি গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

এমবি