খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে খাগড়াছড়ি জেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াদিুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ মো: মজিদ আলী প্রমুখ। তাছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।
সকাল ১০টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা সদরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠণের নেতৃবৃন্দ।
এদিকে খাগড়াছড়ির গুইমারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯টায় গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যেগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান। র্যালিটি গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুইমারা কলেজের হলরুমে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙ্গালি একমাত্র জাতী যারা ভাষার জন্য জীবন দিয়েছিলো। শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসিবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এসময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাফছড়ি ইউপি চেয়ারম্যান বাবু চাইথোয়াই চৌধুরী, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের উল হক, গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিমুদ্দিন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা যায়নুল আবদিন, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুশিল পাল, প্রভাষক কামরুজ্জামান সোহেল প্রমুখ।
আবুবকর/জারিফ





