লালমনিরহাটে গোয়েন্দা (ডিবি) পুলিশ ১০০২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুটি মোটর সাইকেল জব্দ করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালিরহাট নামকস্থান থেকে এসব জব্দ করা হয়।
লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল কালিহাটে অভিযান চালিয়ে দুটি মোটর সাইকেল আটক করে।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেল ও ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ মোটর সাইকেল ও বস্তা তল্লাশি করে ১০০২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় আদিতমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আদিতমারী থানার ওসি আকতার হোসেন।
এমকে





