প্রেমিকাকে নিয়ে বিরোধের জেরে বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রলীগকর্মী মো. মানিকের (২০) হাত-পায়ের রগ কেটে দিয়েছে নিজ দলের কর্মীরা।
ছাত্রলীগকর্মী মো. মানিক বিএম কলেজের সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
শনিবার রাতে কলেজ ক্যাম্পাসের মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রি) ছাত্রাবাসের পিছনে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় স্থানীয়রা ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে মানিক বিএম কলেজের ডিগ্রি হলের পেছনে চায়ের দোকানে গেলে কলেজের অপর ছাত্রলীগকর্মী পিয়াল ১০ থেকে ১২ সহযোগী নিয়ে তার ওপর হামলা চালায়।
এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মানিকের হাত-পায়ের রগ কেটে দেয় পিয়াল ও তার সহযোগীরা।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন জানান,
গত শুক্রবার রাতে বিএম স্কুলের মেলায় নারীঘটিত বিষয় নিয়ে মানিক ও পিয়ালের সাথে ঝামেলা হয়। এর জের ধরেই শনিবার রাতে মানিককে কোপায় পিয়াল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে বিএম স্কুলের বৈশাখী মেলায় বসে পিয়ালের প্রেমিকাকে উত্ত্যক্ত করে মানিক ও তার সহযোগীরা। ওই সময় মেয়ের শ্লীলতাহানিও করা হয়। পরে পিয়াল এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মানিক ও তার সহযোগিরা তার ওপর হামলা চালায়। এর জেরেই মানিকের হাত-পায়ের রগ কেটে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এম আর





