চাঁদপুরে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতের বাড়িটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই বাড়ির তিনটি পরিবারের ২০ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) সকালে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের বাড়িতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে মারা যান জুলেখা বেগম নামে ৬০ বছরের এক বৃদ্ধা।
তার মৃত্যুর কারণ জানানো হয়, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে। এরপর বিকেলে নির্ধারিত নিয়ম মেনে ওই বৃদ্ধাকে দাফন করা হয়। পরে তার বাড়ির তিনটি পরিবারের ২০ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা একাই একটি বসতঘরে থাকতেন। গত কয়েকদিন আগে বাড়ি থেকে নারায়ণগঞ্জে যান তিনি। সেখান থেকে মাত্র দুইদিন আগে গ্রামের বাড়িতে ফিরেন বৃদ্ধা।
তারপরই অসুস্থ অবস্থায় মারা যান। তবে বৃদ্ধার অসুস্থতার সংবাদ কেউ স্বাস্থ্য বিভাগকে জানাননি বলেও জানান, ডা. মিথেন।
এদিকে, মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
এছাড়া চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়েছেন এমন ১০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানো হয়েছে।
এমবি





