৩দিন ব্যাপী ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সকালে ইজতেমার মুরুব্বি মাওলানা মো. গিয়াস উদ্দিন এ তথ্য জানান।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জোবায়ের।

আখেরি মোনাজাতের আগে রোববার বাদ ফজর প্রস্তুতিমূলক বয়ান করেন বাংলাদেশের মাওলানা প্রকৌশলী আনিসুর রহমান। এরপর হেদায়েতি বয়ান করবেন বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন। হেদায়েতি বয়ান শেষ হলে শুরু হবে আখেরি মোনাজাত।

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতি দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আসর।

বিশ্ব ইজতেমা আগামী বছর শুরু হবে ১১ জানুয়ারি

আগামী বছর বিশ্ব ইজতেমা ১১ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে কাকরাইল মসজিদে তাবলিগ মুরুব্বিদের এক পরামর্শ সভায় ওই তারিখ নির্ধারণ করা হয়।

বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১১, ১২ ও ১৩ জানুয়ারি এবং চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৮, ১৯ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিদেশি অর্ধশতাধিক মুসল্লি ফিরে গেছেন

নানা বিতর্কের অবসান ঘটাতে মাওলানা সাদ এবারের বিশ্ব ইজতেমায় অংশ না নিয়ে ফিরে যাওয়ায় তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না তাঁর অনুসারীরা। তাই এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ৫৮ জন বিদেশি মুসল্লি ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন হওয়ার আগেই ময়দান থেকে চলে গেছেন বলে জানিয়েছেন একাধিক মুসল্লি।

গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোমিনুল ইসলাম জানান, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের ১৯টি দেশের ৪ হাজার ৫৩১ জন বিদেশি নাগরিক টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এসে যোগ দেন।

এদের মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের ১১ জন, মালয়েশিয়ার ১৫ জন ও ইন্দোনেশিয়ার ১২ জন মুসল্লি এবং শনিবার ইন্দোনেশিয়ার আরো ২০ জন মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দান থেকে ফিরে গেছেন। তবে তারা কেন চলে গেছেন তা জানা যায়নি।

জেড