বগুড়ার গাবতলীতে আল আমিন (১৪) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
নিহত আল-আমিন বাগবাড়ি কেএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ইটালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৬জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন, গাবতলীর নশিপুর ইউনিয়নের ছোট ইটালী মধ্যাপাড়ার ইয়াকুব আলী (৫০), ছঈম উদ্দিন প্রামানিকের ছেলে আবু বকর (৪০), আব্দুল মালেকের ছেলে ফারুক (২৮), হবিবুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৩৮), বাদল প্রামানিকের ছেলে শামীম (২২) এবং চিকিৎসাধীন বাবলু।
জানা যায়, বগুড়ার গাবতলীর ছোট ইটালি গ্রামে বাড়ির সীমানা প্রাচীর এবং চলাচলে রাস্তা নিয়ে আল আমিনের বাবা মার সাথে জনৈক কুদ্দুস মাস্টারের সাথে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আল আমিনসহ ৬ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিন শনিবার দুপুরে সকালে মারা যায়। এদিকে আল-আমিন মারা যাওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহিংসতা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেন, পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই হামলার ঘটনায় নিহতের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে গাবতলী থানায় একটি হত্যা মামলা করেছে।
এমএনজে





